ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের উড়োজাহাজ চলাচল শুরু

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান উড্ডয়নের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রজুড়ে আবারও উড়োজাহাজের উড্ডয়ন শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে কয়েক ঘণ্টার অচলাবস্থার অবসান হলেও ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।


সরকারি কর্মকর্তারা জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার গুরুত্বপূর্ণ যোগাযোগে বড় ধরনের বিঘ্ন দেখা দেওয়ায় শুক্রবার দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।


চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই নিষেধাজ্ঞার কারণে অনেক যাত্রীকে চরম অনিশ্চয়তার মুখে পড়তে হয়। পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় কোনো কোনো ক্ষেত্রে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেন সংশ্লিষ্ট এয়ারলাইনসের কর্মীরা।


ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া বিলম্বিত হয়েছে প্রায় ১০ হাজার ফ্লাইট। শনিবারের জন্যও আগাম প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। বিমান চলাচল বিশ্লেষকদের ধারণা, ফ্লাইটের সময়সূচি ও কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এয়ারলাইনসগুলোর কয়েক দিন লেগে যেতে পারে।


এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনায় দেশটির নিরাপত্তার জন্য কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কোনো হামলার আলামতও মেলেনি। প্রাথমিকভাবে ঘটনাটিকে টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্তের এই পর্যায়ে কোনো সম্ভাবনাই পুরোপুরি নাকচ করা হচ্ছে না বলে জানান তিনি।


২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় দেশজুড়ে উড্ডয়ন স্থগিতের ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ‘নোটিস টু এয়ার মিশনস’ (নোটাম) ব্যবস্থায় ত্রুটির কারণে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।


নোটাম ব্যবস্থার মাধ্যমে পাইলটদের উড্ডয়নসংক্রান্ত ঝুঁকি, বিমানবন্দরের সুযোগ-সুবিধায় পরিবর্তন এবং ফ্লাইট পরিচালনায় প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। ২০২৩ সালে এই ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে প্রায় দুই ঘণ্টা বিমান উড্ডয়ন বন্ধ রেখেছিল এফএএ।

ads
ads
ads

Our Facebook Page

↑